ইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

অনলাইন ডেস্ক
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিসহ বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে ১৩৪টি নিশ্চিত সামুদ্রিক ঘটনায় ২৫ জন নাবিক নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এসব ঘটনা সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্রিফিংকালে সহকারী মহাসচিব খালেদ খিয়ারি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য তুলে ধরেন। এতে গত ১১ নভেম্বর পর্যন্ত সংঘটিত বিভিন্ন সামুদ্রিক ঘটনার পরিসংখ্যান উল্লেখ করা হয়।

খালেদ খিয়ারি জানান, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর অক্টোবর মাসে বাণিজ্যিক জাহাজ সংশ্লিষ্ট ঘটনার সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এসব ঘটনার ধারাবাহিকতায় জ্বালানি, পরিবহন ও বিমা ব্যয় বেড়ে যাচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

তিনি বলেন, ‘এই পরিস্থিতিকে নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নেয়া যায় না।’ বেসামরিক জাহাজের ওপর হামলা অবিলম্বে বন্ধ এবং নিরাপদ সামুদ্রিক চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি।

একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে সৃষ্ট বিঘ্নের কারণে প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে ২৩ হাজারের বেশি নাবিক জাহাজে আটকা পড়েছেন।

বাহরাইনের প্রতিনিধি আরও অভিযোগ করেন, ইরান সমুদ্রতলের ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক অবকাঠামোর মতো সামুদ্রিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে। তথ্যসূত্র: আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights