আইসিসির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললেন আজমল

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আর স্বাধীন কোনো সংস্থা নয়; এটি পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে গেছে, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অফ-স্পিনার সাঈদ আজমল। করাচিতে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিসির বর্তমান কাঠামো ও নেতৃত্বের কঠোর সমালোচনা করেন তিনি।

আজমলের দাবি, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর প্রভাবের কারণে আইসিসি নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারছে না। বর্তমানে আইসিসির চেয়ারম্যান হিসেবে বিসিসিআই-এর সাবেক সভাপতি জয় শাহ দায়িত্ব পালন করছেন। এ প্রসঙ্গ টেনে আজমল বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, তাহলে এই সংস্থার অস্তিত্বেরই কোনো প্রয়োজন নেই।’

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের উদাহরণ দিয়ে আজমল বলেন, নিরাপত্তার অজুহাতে ভারতের এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। তার অভিযোগ, বিসিসিআই-এর চাপেই আইসিসি হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছে।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না। এর অংশ হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।

একই সময়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশও ভারতে খেলতে অনীহা প্রকাশ করেছে। বিসিবি ইতিমধ্যে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে আবেদন করলেও এখনো আনুষ্ঠানিক জবাব পায়নি।

সাঈদ আজমলের দাবি, অনেক টেস্ট খেলুড়ে দেশ ব্যক্তিগতভাবে তার বক্তব্যের সঙ্গে একমত হলেও বিসিসিআই-এর আর্থিক ও রাজনৈতিক প্রভাবের কারণে প্রকাশ্যে কথা বলতে সাহস পায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights