আদিলের সন্তানের মা হচ্ছেন কে? ফাঁস করলেন রাখি

অনলাইন ডেস্ক

ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও তার স্বামী আদিল আলি দুরানি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই আলোচনায়। যদিও সম্প্রতি আদিলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন রাখি। স্বামীর বিরুদ্ধে পরকীয়া আর গার্হস্থ্য সহিংসতার অভিযোগ ছিল আগেই। সেই অভিযোগের ভিত্তিতে আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন আদিল। তাতেও মেলেনি স্বস্তি। সংবাদমাধ্যমের সামনে ফাঁস হচ্ছে তার একের পর এক কীর্তি। আর তা ফাঁস করছেন রাখি নিজেই। এবার আদিলের বাবা হওয়ার খবর সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করলেন মায়ানগরীর এই টেলি তারকা। একই সঙ্গে জানালেন, এই সন্তানের মা তিনি নন। রাখির দাবি, আদিলের অন্যতম প্রেমিকা নিবেদিতা চান্দেল ওরফে তনু নাকি সন্তানসম্ভবা।

খবর, আদিলের ভাইয়ের সঙ্গে নিবেদিতা ওরফে তনুর টেলিফোনে কথোপকথনের রেকর্ডিং প্রকাশ করেছেন রাখি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল সেই অডিও রেকর্ডিং। যদিও তাৎক্ষণিকভাবে এই অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা যায়নি। রেকর্ডিংয়ে আদিলের ভাইয়ের সঙ্গে কথা বলতে শোনা যায় তনুকে। আদিলের বিষয়ে তার ভাই প্রশ্ন করলে তনু বলেন, “আদিল আমাকে বলেছেন কারও সঙ্গে কথা না বলতে। আমি আদিলের আইনজীবীর ফোন নম্বর দিচ্ছি, যা কথা বলার তার সঙ্গেই বলে নিন।”

সপ্তাহ খানেক আগে আদিলের বিরুদ্ধে নিবেদিতা চান্দেলের সঙ্গেই পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ তোলেন রাখি। তার সঙ্গে বিয়ের আগে অন্য বৈবাহিক সম্পর্কে ছিল আদিল, এমন অভিযোগ করেন ‘বিগ বস’ খ্যাত তারকা। সম্প্রতি আরও এক অভিযোগ উঠল আদিলের বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি নাকি ইরানের এক নারীর সঙ্গে ‘লিভ টুগেদার’ করেছেন। শুধু তাই নয়, ওই নারীকে নাকি আদিল ধর্ষণ করেছেন বলেও অভিযোগ উঠেছে। ওই নারী জানান, তিনি ও আদিল সম্পর্কে ছিলেন। তার সঙ্গে দীর্ঘ সময় ‘লিভ টুগেদারও’ করেছেন আদিল। কিন্তু বিয়ের কথা উঠতেই বেঁকে বসেন আদিল। শুধু তাই নয়, তার ব্যক্তিগত ছবি ফাঁস করে দেবেন, এই ভয় দেখাতে শুরু করেন ওই নারীকে। এ ঘটনায় স্থানীয় মাইসোরের ভিভি পুরম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আদিলের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights