ইউক্রেনের শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় নিহত ৫, আহত অন্তত ৬৭
অনলাইন ডেস্ক
ইউক্রেনের নেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহ্রাদ শহরে একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। দিনের আলোয় শহরের রাস্তায় মানুষের ভিড়ের মধ্যেই রাশিয়া এই হামলা চালায়। আকস্মিক ড্রোন হামলায় মুহূর্তের মধ্যে পুরো বাণিজ্যিক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, দোকানপাট বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বহু যানবাহন আগুনে ভস্মীভূত হয়ে যায়।
ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলায় আহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। আহত শিশুদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ধ্বংসস্তূপের মধ্য থেকে হতাহতদের উদ্ধারে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। উদ্ধারের সময় অগ্নিকাণ্ড ও ধোঁয়ায় বেশ কয়েকজন উদ্ধারকর্মীও আহত হন।
আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, এই হামলায় মূল শহরের কেন্দ্রস্থলের বাণিজ্যিক অবকাঠামোগুলো ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ভবনের ৯০ শতাংশই ছিল বাণিজ্যিক প্রতিষ্ঠান। অভ্যন্তরীণ মন্ত্রী ইভান ভিহিভস্কি এই হামলাকে অত্যন্ত নিষ্ঠুর হিসেবে বর্ণনা করে বলেন, সাধারণ মানুষ যখন দৈনন্দিন কেনাকাটায় ব্যস্ত ছিল, ঠিক সেই মুহূর্তেই লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, রুশ বাহিনী ড্রোনের সাহায্যে সেসব সাধারণ মানুষকেই হত্যা করেছে যারা শপিং সেন্টারের সামনে সাধারণ কেনাকাটার কাজে দাঁড়িয়ে ছিলেন। অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এটিকে রাশিয়ার জোরজবরদস্তির কৌশল বলে অভিহিত করেছেন। তিনি জানান, মস্কো মনে করছে বেসামরিক নাগরিকদের ওপর নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে তারা ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে এবং শেষ পর্যন্ত ইউক্রেনকে নতি স্বীকারে বাধ্য করতে পারবে।
সূত্র: বিবিসি
