ইউনূসের বক্তব্যে জয়শঙ্কর যা বললেন
প্রতিদিন ডেস্ক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি বক্তৃতার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ড. ইউনূস গত সপ্তাহে চীনে একটি সম্মেলনে ভারতের উত্তরপূর্বাঞ্চলকে ‘স্থলবেষ্টিত’ বলে বর্ণনা করার এবং বাংলাদেশকে এ অঞ্চলের ‘সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক’ হিসেবে উল্লেখ করেছিলেন, যা ভারতের কাছে একটি সংবেদনশীল বিষয় হিসেবে গৃহীত হয়েছে। সূত্র : এনডিটিভি।জয়শঙ্কর তাঁর প্রতিক্রিয়ায় বঙ্গোপসাগর ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনে (বিমসটেক) ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরে বলেন, ‘সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে, যা প্রায় ৬ হাজার ৫০০ কিলোমিটার। ভারত শুধু পাঁচটি বিমসটেক সদস্যের সঙ্গেই সীমান্ত ভাগ করে না, তাদের বেশির ভাগকে সংযুক্তও করে। ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশও প্রদান করে।’ জয়শঙ্কর বলেন, ‘ভারতের উত্তরপূর্বাঞ্চল বিমসটেকের জন্য একটি ‘সংযোগ কেন্দ্র’ হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। আমরা সচেতন যে, এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা এবং সুবিধা প্রদান একটি অপরিহার্য পূর্বশর্ত।’
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত দশকে ভারত বিমসটেককে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি এবং মনোযোগ নিবেদিত করেছে। সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, চেরি-পিকিং (পক্ষপাতদুষ্ট) বিষয় নয়।’
এ বক্তব্যের মাধ্যমে জয়শঙ্কর ড. ইউনূসের মন্তব্যের প্রতি পরোক্ষভাবে তীব্র সমালোচনা করেন, যা দুই দেশের ভৌগোলিক ও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন আলোচনার সূত্রপাত করতে পারে।
