ইভ্যালির সিইও রাসেলের জামিন নিয়ে আদেশ কাল

অনলাইন ডেস্ক

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে বাড্ডা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার জামিন শুনানি শেষ হয়েছে। আগামীকাল সোমবার এ বিষয়ে আদেশ দিবেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশের জন্য দিন ধার্য করেন। আদালতে রাসেলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

গত ২ মার্চ আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অভিযোগ গঠন করেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াত এ অভিযোগ গঠন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার দাস গত বছরের ১৬ সেপ্টেম্বর ওই দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন বাদী হয়ে ওই দম্পতিসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে বাড্ডা থানায় মামলাটি করেন।

মামলার নথিতে বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইভ্যালি থেকে ইলেকট্রনিক পণ্য কেনার জন্য বিকাশ ও নগদের মাধ্যমে ২৮ লাখ টাকা পাঠান অভিযোগকারী। ইভ্যালির অর্ডার দেওয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা থাকলেও ৭ মাস পেরিয়ে গেলেও তিনি তা পাননি।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করে র‌্যাব। পরে প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights