ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই, কারণ জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই। কারণ, দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক চাপ অত্যন্ত তীব্র। এতে ইরানের শাসনব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ‘ফেডারেলিস্ট সোসাইটি’ আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রুবিওর এ বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আগে ট্রাম্প বলেছিলেন, সামরিক দিক থেকে ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।

রুবিও বলেন, সত্যি বলতে, বর্তমানে আমরা ইরানের শাসনব্যবস্থার ওপর যে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছি, তা অত্যন্ত তীব্র। ফলে নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার আর প্রয়োজন নেই। আমরা তাদের অনেকটাই দুর্বল করে ফেলেছি। তবে প্রকৃত বিজয় তখনই অর্জিত হবে, যখন নিশ্চিত করা যাবে যে ইরানের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না।

যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকরাও অর্থনৈতিক সংকটে পড়েছেন বলে স্বীকার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এর ফলে জ্বালানির দাম বেড়েছে এবং বিশ্ব অর্থনীতির প্রায় প্রতিটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকি উপেক্ষা করতে পারতেন। এতে একটি অজনপ্রিয় যুদ্ধ এড়ানো সম্ভব হতো এবং বিষয়টি পরবর্তী প্রশাসনের জন্য রেখে দেওয়া যেত। কিন্তু ট্রাম্প সমস্যাটিকে অমীমাংসিত অবস্থায় ফেলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, তবে বিষয়টি কঠিন। এটি সহজ নয়, বরং বেশ জটিল। অনেক ক্ষেত্রেই এর কারণে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়, বিশেষ করে অর্থনৈতিক সংকটসহ অন্যান্য ভোগান্তি তৈরি হয়। আমরা বিষয়টি স্বীকার করি। সূত্র: টাইমস অব ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights