ইরান-ইসরায়েল সংঘাত: সৌদি যুবরাজ ও ট্রাম্পের ফোনালাপ

অনলাইন ডেস্ক

ইসরায়েল ও ইরানের সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এ সময় তিনি ট্রাম্পের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শুক্রবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

ফোনালাপে দু’জনই ইসরায়েলের সামরিক অভিযান ও তার জবাবে ইরানের প্রতিক্রিয়া ঘিরে উদ্ভূত সংকটময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা সংকট নিরসনে সর্বোচ্চ সংযম দেখানোর ওপর জোর দেন এবং কূটনৈতিক পথে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরায়েল ও ইরানকে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় ‘প্রথমে আঘাত হানা’ নীতির অংশ হিসেবে একটি সামরিক অভিযান চালায়। এর জবাবে তেহরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক ঘাঁটি।

গুতেরেস বলেন, “আর নয় সংঘাত। এখনই থামতে হবে। শান্তি ও কূটনীতি যেন প্রধান ভূমিকা পালন করে।” সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি এই মন্তব্য করেন।

আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এই টানাপোড়েন কেবল ইসরায়েল-ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকেই নতুন করে অস্থিরতার মুখে ঠেলে দিতে পারে। সূত্র: আল-আরাবিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights