ইসরায়েলি বিমানঘাঁটি-সামরিক শিল্প স্থাপনায় হামলা, দাবি আইআরজিসির
অনলাইন ডেস্ক
ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় কমপক্ষে ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে।
শনিবার (১৪ জুন) ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময়, ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এর প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেন, আইআরজিসি এরোস্পেস ডিভিশন কর্তৃক অপারেশন ট্রু প্রমিজ ৩ সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
বাহিদি বলেন, ইরান ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে একাধিক ইসরায়েলি স্থাপনায় হামলা চালিয়েছে।ইরানের হামলায় নেভাতিম ও ওভদা বিমানঘাঁটি লক্ষ্যবস্তু হয়। এই ঘাঁটিগুলোতেই ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার অবস্থিত। ইরানে হামলার মূল ঘাঁটি হিসেবেও এই দুইটি ব্যবহৃত হয়েছিল। আরও যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে তেল নফ বিমানঘাঁটি যা তেল আবিবের কাছাকাছি, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়, তেল আবিবের সামরিক ও শিল্প স্থাপনাসমূহ।
জেনারেল বাহিদি আরও বলেন, এই অভিযানের জন্য মোট ১৫০টিরও বেশি লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছিল, যা বহু ধাপে আঘাত হানা হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে হামলা করার মাধ্যমে ইসরায়েল মারাত্মক ভুল করেছে এবং এখন তাদের এই কাণ্ডের চরম মূল্য দিতে হবে।
সূত্র: তাসনিস নিউজ এজেন্সি
