উখিয়ায় বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় বন্যহাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম খয়রাতি রহমানিয়াপাড়া বিলে একটি হাতির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। কর্মকর্তারা মৃত হাতির পাশ থেকে বৈদ্যুতিক তারের অংশ, পায়ের ছাপ ও অন্যান্য আলামত সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে তাদের ধারণা, ফসল রক্ষার জন্য কেউ গোপনে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিল, আর তাতে জড়িয়েই হাতির মৃত্যু হয়েছে। সঠিক তথ্য জানতে নমুনা সংগ্রহের পাশাপাশি হাতির ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। স্থানীয়দের দাবি, লোকালয়ের সীমান্তবর্তী এলাকায় হাতির চলাচল বাড়ায় ফসল নষ্ট ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক কৃষক বিপজ্জনক ফাঁদ ব্যবহার করছেন। তবে পরিবেশবিদরা বলছেন, এ ধরনের বিপজ্জনক ফাঁদ শুধু হাতি নয়, পুরো জীববৈচিত্র্যের জন্যই মারাত্মক হুমকি। এ বিষয়ে দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি বলেন, স্থানীয় লোকজনকে বোঝানোর চেষ্টা করছি। তবু কিছু কৃষক ফসলি জমির চারপাশে বিপজ্জনক ফাঁদ দিয়ে ঘিরে রাখছেন। এই ফাঁদে জড়িয়েই হাতির মৃত্যু ঘটছে। বন বিভাগ মৃত হাতির ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।
