উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা দিতে সরকার সচেষ্ট রয়েছে : শিল্পমন্ত্রী

অনলাইন ডেস্ক

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‌‘উদ্যোক্তাদের সকল প্রকার সুযোগ-সুবিধা দিতে সরকার সচেষ্ট রয়েছে।’

আজ শুক্রবার দুপুরে ভোলা সদরের বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগলাইন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

নারী উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ক্ষুদ্র কুটির শিল্প আমাদের গ্রামীণ অর্থনীতিকে রক্ষা করছে। করোনাকালীন আমরা দেখেছি ক্ষুদ্র উদ্যোক্তারা গ্রামীণ অর্থনীতির লাইফলাইন রক্ষা করেছে। তারা প্রত্যেকটি বাজারে পণ্য দিয়ে চলমান রেখেছে।
তিনি আরও বলেন, বর্তমানে ভোলার বিসিক স্বল্প পরিসরে রয়েছে। ভবিষ্যতে এটার বৃদ্ধি করা যেতে পারে।

উদ্যোক্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা এখন থেকেই কাজ শুরু করতে পারেন। এখান থেকে উৎপাদিত পণ্য সারাদেশে এবং দেশের বাইরেও পাঠাতে পারবেন।’

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ভোলা গ্যাসসমৃদ্ধ হওয়ায় এখানে বড় বড় কোম্পানি আসতে শুরু করেছে। সেলটেক’র মত বড় কোম্পানি এখানে সিরামিক উৎপাদন করছে। ইন্ডাস্ট্রি করার জন্য অন্যরাও আগ্রহ দেখাচ্ছে। সব মিলিয়ে অত্যন্ত সম্ভাবনাময় জেলা ভোলা।

বিসিক শিল্পনগরী চত্বরে উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এতে আরো বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights