উপদেষ্টার সেতু উদ্বোধন অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের আড়িয়াল খা নদীর ওপর নির্মিতব্য সেতুর নাম জটিলতা নিয়ে ক্ষোভে স্থানীয় কিছু বিক্ষুব্ধ লোকজন উদ্বোধনী অনুষ্ঠানের প্যান্ডেলে হামলা-ভাঙচুর করেছে। এ সময় সেতুর নামফলক ভেঙে ফেলেছে তারা।
শনিবার বেলা ১১টার দিকে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচি চর দাখিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আড়িয়াল খা নদীর গৌরনদী উপজেলার সাহেবের চর ও মুলাদী উপজেলার নাজিরপুরে এলজিইডির একটি সেতু নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভার্চ্যুয়ালি ব্রিজটি উদ্বোধনের কথা ছিল। অনুষ্ঠানে সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি আসেননি। তাই উদ্বোধনী অনুষ্ঠান হয়নি।
তিনি আরও বলেন, শেষে স্থানীয় কিছু বিক্ষুব্ধ লোকজন সেতুর নাম পরিবর্তন নিয়ে আপত্তি করেন। এ ছাড়া আমন্ত্রণ না দেওয়া ও জমি অধিগ্রহণে টাকা না পাওয়ার অভিযোগে ভাঙচুর করেছে তারা। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানিয়েছেন, সেতু নির্মাণে অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনু বেশি ভূমিকা রেখেছেন। কিন্তু তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি। এ ছাড়া সেতুর অধিগ্রহণ করা জমির টাকাও তারা পায়নি। সেতুর নাম ছিল ‘সৌহার্দ্য সেতু’। ওই নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই’ করা হয়েছে। এ কারণে এলাকাবাসী ক্ষোভে অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেল ভাঙচুর করেছে।
