এবারের চমক মিডিয়া কাপ ফুটবল

মনোয়ার হক

আনভীর বসুন্ধরা স্পোর্টস (এবিজি) সিটি দেশ ছাড়িয়ে এখন অন্য দেশের ক্রীড়াঙ্গনেরও আলোচিত নাম। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এমন স্পোর্টস সিটি থাকাটা স্বপ্নই বলা যায়। দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ গড়ে দেখিয়েছে স্বপ্ন কীভাবে সত্যি করা যায়। এবিজি স্পোর্টস সিটির কাজ এখনো কিছুটা বাকি। তার পরও যা হয়েছে তা দেখেই মুগ্ধ সবাই। ফিফা বা আইসিসির প্রতিনিধিরা এই স্পোর্টস সিটি দেখে তো অভিভূত।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান খেলাধুলাকে কতটা ভালোবাসেন তা কারও অজানা নয়। নিজে ছিলেন দেশের তারকা হকি খেলোয়াড়। তাঁর বড় ভাই আবদুস সাদেক ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি। হকি ও ফুটবল দুই খেলায় সুনাম কুড়িয়েছেন তিনি। বাবা আবদুস সোবহান ছিলেন অল ইন্ডিয়া সাঁতারে চ্যাম্পিয়ন। খেলাধুলার গর্বিত পরিবার ক্রীড়াপাগল হবে-এটাই স্বাভাবিক। সে পথেই হাঁটছেন এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। বাবার দেখানো পথে শত ব্যস্ততার মধ্যেও খেলাধুলাকে হৃদয়ে গেঁথে নিয়েছেন। সাংগঠনিক ক্যারিশমা দেখিয়ে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াঙ্গনের আপনজন হয়ে উঠেছেন তিনি। খেলাধুলার উন্নয়নে যেমন পৃষ্ঠপোষকতা করছেন, তেমন অবকাঠামো নির্মাণেও তাঁর জুড়ি নেই।

বসুন্ধরা ও খেলাধুলা এক সুতোয় বাঁধা। খেলাধুলার উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে আক্ষেপের শেষ ছিল না। সবার চাওয়া-দেশে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স হলে এ শূন্যতা কাটানোর সুযোগ তৈরি হবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান নীরবে তা পূরণ করেছেন। বিশাল আয়তনের জমির ওপর নির্মাণ করেছেন এবিজি স্পোর্টস সিটি। এ বিশাল জমির ওপর যদি প্লট বা ফ্ল্যাট তৈরি হতো তাহলে কত যে লাভ হতো এ হিসাব কারও অজানা নয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান লাভের দিকে তাকাননি। বাংলাদেশ যে অসম্ভবকে সম্ভব করতে পারে তা দেখিয়ে দিয়েছেন এবিজি স্পোর্টস সিটি গড়ে।

বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে ক্রীড়ার উন্নয়নে পরিকল্পনার ছক আঁকছেন সায়েম সোবহান আনভীর। বাংলাদেশে খেলাধুলা হয় মৌসুমভিত্তিক। এবিজি চেয়ারম্যান চান এ রীতি ভাঙতে। খেলাধুলা মাঠেই থাকুক সে উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। এবিজি স্পোর্টস সিটি খেলাধুলায় মেতে থাকুক এটাই তাঁর চাওয়া। এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, ‘বসুন্ধরার প্রতিটি নিঃশ্বাসের ভাবনায় ক্রীড়া উন্নয়ন। দেশের খেলাধুলার জন্য বসুন্ধরা গ্রুপ কী করেছে বা করছে তা কাউকে নতুন করে জানাতে হবে না। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান খেলাধুলায় নিবেদিতপ্রাণ। এবিজি স্পোর্টস সিটি তো চমকের পর চমক দেখাচ্ছে। আনভীর স্পোর্টস সিটির কিংস অ্যারিনা ফিফাস্বীকৃত আন্তর্জাতিক ভেন্যু। আনভীর ক্রিকেট স্টেডিয়ামের যাত্রা বেশি দিনের না হলেও আইসিসির আন্তর্জাতিক ভেন্যুর তালিকায় জায়গা করে নিয়েছে।’

ইমরুল হাসান বলেন, ‘আন্তর্জাতিক ভেন্যু হলেও এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগে কিংস অ্যারিনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এবিজি ইউনিভার্সিটি কাপে অংশ নিয়ে মুগ্ধ। স্পোর্টস সিটি যেন ব্যস্ত থাকে এ রকম একের পর এক উদ্যোগ নিচ্ছেন এবিজি চেয়ারম্যান। তাঁর তৈরি ছকে এবার মাঠে গড়ানোর অপেক্ষায় এবিজি মিডিয়া কাপ ফুটবল। মিডিয়া কাপ আগেও বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান করেছে। কিন্তু এবিজি আয়োজন করবে তাতে চমক বা নতুনত্ব থাকবে না তা কি হয়?’

এবিজি স্পোর্টস সিটির এই পরিচালক বলেন, ‘এবিজি ইউনিভার্সিটি কাপ করে যে সাড়া পেয়েছি এককথায় বলব তাতে আমরা অভিভূত। যারা খেলেছেন তারাই বলেছেন চমকে ভরা এমন বিশ্ববিদ্যালয় কাপ তারা কখনো দেখেননি। এবিজি এবার আয়োজন করতে যাচ্ছে মিডিয়া কাপ। আমার বিশ্বাস এ আয়োজনও হবে চমক ও নতুনত্বে ভরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights