এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে ফিরলেন জেনসেন হুয়াং, কিন্তু অ্যালিস হুয়াং কোথায়?
অনলাইন ডেস্ক
চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে থাকা এক নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরে পদত্যাগের ১১ দিন পর আবারও এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে ফিরেছেন জেনসেন হুয়াং। তবে তাকে ঘিরে তৈরি হওয়া গুপ্তচরবৃত্তি ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিতর্কের কেন্দ্রে থাকা অ্যালিস হুয়াং এখন কোথায়, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেনকে পুনর্বহাল করে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সাংবাদিক অ্যালিস হুয়াং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যবসায়ী। সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মার্কিন আইন লঙ্ঘন করে চীনা কোম্পানিগুলোকে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ সংগ্রহে সহায়তার সন্দেহ রয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জেনসেনের সঙ্গে অ্যালিসের প্রেমের সম্পর্ক ছিল। একই সময়ে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে অ্যালিসের যোগাযোগের বিষয়টি পর্যবেক্ষণ করছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
গত ১২ নভেম্বর ব্লুমবার্গ জানায়, অ্যালিস চীনে ফিরে বেইজিংয়ে বসবাস করছেন। চীনা নিরাপত্তা কর্মকর্তারা তার অবস্থান সম্পর্কে অবগত। তবে তিনি কখন, কেন সেখানে ফিরেছেন এবং বর্তমানে কী করছেন, তা স্পষ্ট নয়।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের বসন্ত থেকে চলতি বছরের শরৎকাল পর্যন্ত চীনা গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে অ্যালিসের যোগাযোগ ছিল। এ সময় মেগাস্পিড বিপুল পরিমাণ এনভিডিয়ার চিপ সংগ্রহ করে। কিছু চিপ দক্ষিণ-পূর্ব এশিয়ার তথ্যকেন্দ্রে সরবরাহ করা হয়, যেগুলো আলিবাবাসহ চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সেবা দেয়। অন্য কিছু চালান চীনে পাচারের সন্দেহ রয়েছে।
চীন অ্যালিসের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছে।
তদন্তে অ্যালিসের ব্যবসায়িক অংশীদার কাং ওয়েইয়ের নামও এসেছে। মার্কিন গোয়েন্দাদের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, তিনিও চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করেছেন। পরিচিতদের কাছে তাকে প্রায়ই অ্যালিসের স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতো।
এ ছাড়া মেগাস্পিডের ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী চীনা নাগরিক লি মিংও তদন্তের আলোচনায় রয়েছেন। ৫২ বছর বয়সী লি বর্তমানে সিঙ্গাপুরে জামিনে মুক্ত। তার বিরুদ্ধে চীনে নিষিদ্ধ উন্নত চিপ সরবরাহের সন্দেহ রয়েছে।
