এবার ১ ডিসেম্বর শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ
অনলাইন ডেস্ক
সাংবাদিকদের জন্য নতুন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে ‘এবিজি মিডিয়া কাপ’।
শুধু ফুটবল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেবেন ৪০টি মিডিয়া হাউজ। এবিজি ইউনিভার্সিটি কাপের চেয়েও বেশি প্রাইজমানি থাকছে এবিজি মিডিয়া কাপে। শুধু চ্যাম্পিয়ন ও রানার্সআপ নয়, প্রতিটি ম্যাচের জয়ী ও পরাজিত দলের জন্যও থাকছে অর্থ পুরস্কার।
শুক্রবার ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নতুন এই টুর্নামেন্টের ঘোষণা দেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।
তিনি জানান, ৪০টির বেশি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। সাংবাদিকদের কর্মব্যস্ততার মধ্যে বিনোদনের সুযোগ তৈরি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ইমরুল হাসান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার আমরা বিশেষ করে সাংবাদিকদের জন্য এবিজি মিডিয়া কাপ নিয়ে আসছি। এবার শুধু ফুটবল থাকছে। ১ ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। আশা করছি, ৪০টির বেশি দল নিয়ে আয়োজন করতে পারব। এবিজি ইউনিভার্সিটি কাপে যে প্রাইজমানি ছিল, এবার তার চেয়েও অনেক বেশি থাকছে। প্রতিটি ম্যাচে বিজয়ী ও পরাজিত দুই দলের জন্যই আলাদা প্রাইজমানি থাকবে।’
টুর্নামেন্টের ফরম্যাটেও থাকছে ভিন্নতা। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফুটসাল মাঠে সেভেন-এ-সাইড পদ্ধতিতে। নকআউট পর্ব থেকে খেলা হবে বড় মাঠে। কিংস অ্যারেনার অনুশীলন মাঠে নকআউট পর্বের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হতে পারে কিংস অ্যারেনায়।
ইমরুল হাসান বলেন, ‘আমাদের এবিজি স্পোর্টস সিটিতে চারটি ফুটসাল মাঠ রয়েছে। ফলে যত দলই অংশগ্রহণ করুক, সূচি প্রণয়ন ও নির্ধারিত সময়ে খেলা শেষ করতে সমস্যা হবে না। আগামী দুই-তিন দিনের মধ্যে দল অন্তর্ভুক্তির সময়সীমা জানিয়ে দেওয়া হবে। আমরা চাই, অধিক সংখ্যক মিডিয়া হাউজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করুক।’
এবারের আসরে ম্যাচ ফি ছাড়াও থাকছে ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি। ম্যাচসেরা, টুর্নামেন্টসেরা, সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ অ্যাসিস্টদাতার জন্য পুরস্কার রাখা হয়েছে। পাশাপাশি টুর্নামেন্ট নিয়ে সেরা প্রতিবেদন তৈরি করা সাংবাদিকের জন্যও থাকছে বিশেষ পুরস্কার।
এর আগে এবিজি ইউনিভার্সিটি কাপে ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এবার সাংবাদিকদের নিয়ে নতুন এই প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে এবিজি স্পোর্টস সিটি।
