ওয়াই-ফাই রাউটারের সিগন্যাল পেতে

অনলাইন ডেস্ক

ওয়াই-ফাই রাউটারে ইন্টারনেট গতি নির্ভর করে অনেক কিছুর ওপরে। বিশেষ করে বড় বাড়ির ক্ষেত্রে। জেনে নিন কোথায় ওয়াই-ফাই রাউটার স্থাপনে সিগন্যাল ভালো পাবেন।

ছোট বাড়িতে একটি ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টই (রাউটার) যথেষ্ট। সে ক্ষেত্রে ৮০২.১১এসি এবং ডুয়েল ব্যান্ড সমর্থিত কি না দেখে নিতে পারেন। তবে বাড়ি বড় হলে ‘মেশ নেটওয়ার্ক’ তৈরি করতে হবে। অর্থাৎ রাউটার এক জায়গায় রেখে ওয়াইফাই এক্সটেন্ডার দিয়ে বাড়ির সব জায়গায় সংযোগ ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাড়ির কোনো কোনায় যদি সিগন্যাল না পৌঁছে, তবে সেখানে নতুন একটি এক্সটেন্ডার লাগিয়ে নিলেই ভালো। আর হ্যাঁ, মূল রাউটার কোথায় রাখবেন, সেটা গুরুত্বপূর্ণ।

► রাউটার সব দিকেই সিগন্যাল পাঠিয়ে থাকে। আপনি যদি দক্ষিণ দিকের ঘরটার এক কোনায় রাখেন, তবে ওয়্যারলেস কভারেজের প্রায় অর্ধেকটা বাড়ির বাইরেই থেকে গেল। তবে পুরো বাড়িতে সমানভাবে কভারেজ পেতে, মাঝামাঝি কোথাও রাখলেই ভালো। তবে নির্দিষ্ট কোনো ঘরে প্রয়োজন হলে রাখুন।
► রাউটার থেকে নিচের দিকেও সিগন্যাল আসে। তাই উঁচু কোথাও সেটি রাখা ভালো। তাই বলে ছাদের সঙ্গে স্কচটেপ দিয়ে আটকে রাখতে হবে না। হয়তো বইয়ের তাকের ওপর রাখলেন কিংবা দেয়ালে কোথাও আটকে দিতে পারেন।

► নতুন রাউটারগুলো আধুনিক প্রযুক্তির। তবু যত বেশি বাধা (দেয়াল) পেরিয়ে যাবে, সিগন্যাল তত দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া, কাছাকাছি অন্য ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকলে তাতেও সিগন্যাল বাধা পেতে পারে। বিশেষ করে মাইক্রোওয়েভ ওভেনের কাছাকাছি রাখবেন না।

► রাউটারের অ্যান্টেনা সিগন্যাল ছড়িয়ে দিতে সাহায্য করে। তাই সিগন্যাল সব দিকে ছড়িয়ে দিতে যা করতে হয়, তা-ই করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights