কক্সবাজারে খেয়ে ভালো লাগে, এখন নিজ আঙিনায় আনারকলি চাষ করছেন ফুলবাড়ীর যুবক

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর বানিয়াপাড়ার যুবক রায়হান আহমেদ রিপন (২৮) নিজ বাড়ির আঙিনায় বিদেশি আনারকলি ফল (প্যাশন ফ্রুট) চাষে সফলতা অর্জন করেছেন। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে তিনি এখন পৈতৃক জমিতে বাণিজ্যিকভাবে ফলটির চাষ করার পরিকল্পনা করছেন।
সরেজমিনে জানা যায়, গত জুন মাসে দিনাজপুর হর্টিকালচার বিভাগের উপ-পরিচালক মো. এজামুল হকের পরামর্শ এবং ফল গবেষক কৃষিবিদ মো. এনামুল হকের সহযোগিতায় ইউটিউব দেখে শখের বসে দুটি আনারকলি ফলের চারা সংগ্রহ করেন রায়হান। পরে বাড়ির আঙিনায় মাচা তৈরি করে চারা দুটি রোপণ করেন তিনি। হর্টিকালচার বিশেষজ্ঞদের নিয়মিত পরামর্শ ও পরিচর্যায় গাছগুলো দ্রুত বেড়ে ওঠে।
চারা রোপণের প্রায় পাঁচ মাসের মধ্যেই গাছে ফুল ও ফল ধরতে শুরু করে। টক-মিষ্টি স্বাদ এবং ভিটামিন ‘সি’ সমৃদ্ধ এই ফল স্থানীয় মাটিতে সফলভাবে ফলানো সম্ভব হওয়ায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ফলটি দেখতে ও এর স্বাদ নিতে তার বাড়িতে ভিড় করছেন। অনেক দর্শনার্থী তার কাছ থেকে চারা সংগ্রহও করছেন।
রায়হান আহমেদ রিপন সুজাপুর গ্রামের রেজাউল ইসলামের পুত্র। তিনি বিএ পাস করে চাকরির পেছনে না ছুটে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি কৃষিতে নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রথম প্যাশন ফলের স্বাদ নেন তিনি। সেখান থেকে বীজ এনে প্রথমবার সফল না হলেও পরে হর্টিকালচার বিভাগ থেকে চারা সংগ্রহ করে সফল হন। তার দাবি, দুটি গাছ থেকে এক বছরের মধ্যে এক হাজারের বেশি ফল পেয়েছেন তিনি।
বাড়ির চার শতাংশ জায়গার ওপর তৈরি মাচায় ঝুলন্ত সবুজ ফল দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা ও সম্ভাব্য উদ্যোক্তারা। স্থানীয় বাসিন্দা বারেকুল ইসলাম ও স্কুল শিক্ষক রবিউল ইসলাম জানান, উত্তরবঙ্গে এমন ফল চাষ বিরল। ফলটি সুস্বাদু হওয়ায় তারা নিজেরাও বাড়িতে চাষ করার জন্য চারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রায়হানের ছোট ভাই ইমরান আহমেদ রাসেল জানান, গাছ বড় হওয়ার পর মাচা তৈরি করে দেওয়া থেকে শুরু করে পরাগায়ন ও পরিচর্যায় তিনি ভাইকে সার্বিক সহযোগিতা করেছেন।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোত্তাকিন জানান, ফুলবাড়ীর মাটি আনারকলি চাষের উপযোগী। আনারকলি সাধারণত দুই জাতের হয়ে থাকে—পাকলে একটির রঙ হলুদ এবং অন্যটির রঙ বেগুনি হয়। তিনি তরুণ উদ্যোক্তা রায়হানকে বাণিজ্যিক উৎপাদনে সব ধরনের সহযোগিতার পাশাপাশি কৃষি বিভাগের বিভিন্ন সভায় ফলটির প্রসারে পদক্ষেপ নেওয়ার কথা জানান।
দিনাজপুর হর্টিকালচার বিভাগের উপ-পরিচালক মো. এজামুল হক বলেন, উদ্যোক্তাকে শুরু থেকেই বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করা হয়েছে। তার বাগানে সফলভাবে ফল ধরা একটি ইতিবাচক দিক। যুবসমাজ এ ধরনের নতুন ফল চাষে এগিয়ে এলে হর্টিকালচার বিভাগের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights