কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামের ধানের ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। মঙ্গলবার সকালে একটি ধান ক্ষেত থেকে ফুটফুটে নবজাতক ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ধারণা নবজতকের বয়স দুই দিনের কম হবে। পুলিশ নবজাতকের পরিচয় উদঘাটনের চেষ্টা করছে।

পুলিশ ও স্থানী স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম নামের এক কৃষক সকালে ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কানে ভেসে আসে নবজাতকের কান্নার শব্দ। দৌড়ে গিয়ে দেখেন ধান ক্ষেতের মাঝখানে খোলা আকাশের নিচে এক ফুটফুটে নবজাতক ছেলে শিশু। ঘটনাটি জানাজানি হলে অনেকেই ছুটে যান ধান ক্ষেতে। পরে এলাকাবাসী দ্রুত তাকে প্রাথমিক সেবা দিয়ে বুকে আগলে রাখেন এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সুস্থ্য রয়েছে। এখনো শিশুটির কোনো পরিচয় মেলেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী। তিনি বলেন, নবজাতককে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতকের পরিচয় উদঘাটনে পুলিশ চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights