কুড়িগ্রামের চরাঞ্চলে বাল্যবিবাহ রোধ ও শিক্ষায় ফেরাতে অভিনব উদ্যোগ
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের চরাঞ্চলে নদীভাঙন, দারিদ্র্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবের কারণে দীর্ঘদিন ধরে বাল্যবিবাহ একটি বড় সামাজিক সমস্যা। এই সংকট নিরসনে এবং কিশোরীদের শিক্ষায় ফেরাতে কুড়িগ্রাম সদর, উলিপুর ও রৌমারী উপজেলার ১৪টি চর এলাকায় কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’।স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সংস্থাটি বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষা বিস্তারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ইউনিয়নভিত্তিক প্রতিরোধ কমিটির মাধ্যমে ইতিমধ্যে ২৩টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। যাত্রাপুর ইউনিয়নে ১২ থেকে ১৭ বছর বয়সী ১০৯ জন ঝুঁকিপূর্ণ কিশোরীর তালিকা করে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি চরে ‘স্কুল ওয়াচ কমিটি’র মাধ্যমে ঝুঁকিপূর্ণ কিশোরীদের চিহ্নিত করে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বাল্যবিবাহ ও পারিবারিক বিরোধসহ সামাজিক সমস্যা সমাধানে চরাঞ্চলে আইনি সহায়তা কেন্দ্রও পরিচালনা করছে ফ্রেন্ডশিপ। অপ্রাপ্তবয়স্ক বিয়ের খবর পেলেই পরিবারকে কাউন্সেলিং করা হয় এবং প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়।
এছাড়া সচেতনতা বাড়াতে নিয়মিত উঠান বৈঠক, বিলবোর্ড স্থাপন, কমিউনিটি পুলিশিং এবং ২০২৬ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ১৮টি পথনাটক প্রদর্শন করা হয়েছে।
এসব সমন্বিত উদ্যোগের ফলে অনেক কিশোরী বাল্যবিবাহের ঝুঁকি থেকে রক্ষা পেয়ে আবারও শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় নজরদারির কারণে দুর্গম এসব চরাঞ্চলে বাল্যবিবাহের হার আগের তুলনায় উল্লেখযোগ্য হারে কমে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
