কুবি ভিসির বক্তব্য বিকৃতের অভিযোগ, ছাত্রকে সাময়িক বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ভিসির বক্তব্য বিকৃত করে প্রকাশের অভিযোগে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইকবাল মনোয়ারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই ছাত্র ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার ভিসি এ এফ এম আবদুল মঈন বলেন, তিনি দুর্নীতিকে উৎসাহিত বা একে ইতিবাচকভাবে উপস্থাপন করেননি। বরং শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিংকিংয়ে উৎসাহিত করার জন্য উদাহরণস্বরূপ কিছু কথা বলেছেন মাত্র। খণ্ডিত বক্তব্য প্রচার করে সেটার কোনো কৈফিয়ত না দিয়ে বরং ওটাই বেশি করে প্রচার করে ভাইরাল করলো। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। পুরো বিশ্ববিদ্যালয়ের মানহানি হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল মনোয়ার বলেন, ভিসি স্যারের বক্তব্যের অডিও রেকর্ড তার কাছে আছে। তিনি যা বলেছেন তা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈনের দেওয়া বক্তব্য নিয়ে ৩১ জুলাই পত্রিকায় রিপোর্ট করেছিলেন ইকবাল মনোয়ার। ওই রিপোর্টের শিরোনাম ছিলো ‘দুর্নীতি হচ্ছে, তাই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে: কুবি উপাচার্য’। এ রিপোর্টের জেরে বুধবার সন্ধ্যায় মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights