কুমিল্লায় অটোরিকশা খাদে পড়ে চালক নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে রসুনবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চালক আল আমিন (২৭) ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন জানান, অতিরিক্ত মালামাল থাকার কারণে একটি ব্রিজে ওঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশাটির নিচে চাপা পড়ে যাযন চালক। অতিরিক্ত মালামাল থাকায় তাকে উদ্ধার করতে সময় লাগে। এতে করে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুন বোঝাই ব্যাটারিচালিত একটি অটোরিকশা বুড়িচং বাজার সংলগ্ন নোয়াপাড়া এলাকায় খাদে পড়ে যায়। এতে চালক আলামিন অটোরিকশাটির নিচে চাপা পড়ে। তার মাথা কাদায় দেবে যায়। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে বুড়িচং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশটি উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights