কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৫৩
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় এ অভিযান চালানো হয়। এ নিয়ে চলমান অভিযানে মোট ২ হাজার ৬৪৯ জনকে আটক করা হয়েছে।
সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ জানায়, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানার কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।
আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সের কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাং সদস্যদের হাতে স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলার ১৮টি থানায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আটক ২ হাজার ৬৪৯ জনের মধ্যে আট শতাধিককে বিভিন্ন অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে।
