খালেদা জিয়াকে দেখে ফিরে যা বললেন আমজনতার দলের তারেক রহমান
অনলাইন ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, “আমরা তাঁকে সুস্থ দেখতে চাই, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক তিনি।
তিনি বলেন, আমাদের যারাই একটু বড় নেতা হয়, তারাই বিপদ দেখলে সটকে পড়ে। কিন্তু বেগম জিয়া কখনও দেশ থেকে সটকে পড়েননি। এই সময় তিনি দেশেই চিকিৎসা নিচ্ছেন। এটা ভরসার জায়গা। তিনি দেশের উপর, দেশের মানুষের উপর এবং আল্লাহর উপর ভরসা রাখছেন। আমরা দেখেছি যখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার প্রয়োজন ছিল, তখন তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। উনার প্রতি ছিল ঘৃণা ও ক্রোধ। আমাদের গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী তিনি। বাংলাদেশের মানুষ অনেকদিন তাকে দেখতে পারেননি। বহু মানুষের আকাংক্ষা তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। আমরা তাঁকে সুস্থ দেখতে চাই।”
তারেক রহমান আরও বলেন, “জাতীয়তাবাদী রাজনীতি দমননীতিতে বিশ্বাস করে না। করলে ১৯৯৬ ও ২০০৬ সালের পরে বিএনপি ক্ষমতায় থেকে যেত। খালেদা জিয়ার দেশের ও জনগণের প্রতি যে দরদ আছে, তা শেখা হাসিনার নেই বলেও জানান তিনি।
এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা পরিবারের আছে। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
এছাড়াও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন নেত্রীর সুস্থতার জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত একটি মানবিক কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন।”
রিজভী জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নেত্রীর সঙ্গে দেখা করতে হাসপাতালে ভিড় করছেন, যা চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে এবং অন্যান্য রোগীদের সমস্যায় ফেলছে।
