খাল খনন গ্রামীণ জনপদে নতুন আশার সঞ্চার করেছে : ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন গ্রামীণ জনপদে মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। জনতা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে এগিয়ে আসছে।

বুধবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ার চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে সমবেত জমায়েতের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, খালের পানি দিয়ে শুষ্ক মৌসুমে ধান চাষ ও খালে মাছ হবে। এরপর খাল পাড়ে গাছ লাগানো হবে ও খালের পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা দূর হবে। এক কথায় বলা যায় ‘খাল কাটা হলে সাড়া, দূর হবে বন্যা খরা’।

এর আগে, মন্ত্রী শিবালয় উপজেলার কোনাবাড়ি খাল খনন কাজ পরিদর্শন করে খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি ও এস এ জিন্নাহ কবীর এমপি উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ জেলা ও উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights