মাদকের ছোবলে নীল শান্ত জনপদ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রাকৃতিক মায়ায় ভরা সিলেট। যেখানে পর্যটকদের দুর্বার আকর্ষণ। আর যে জনপদের একটা বড় অংশের ঠিকানা ইংল্যান্ড। যেখানের যুবরা স্বপ্ন দেখে তরুণ বয়সেই বিদেশ পাড়ি দেওয়ার সেই জনপদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে মাদক বিশেষ করে ইয়াবা। ফলে অন্ধকারে হারিয়ে যেতে বসেছে একটা তরুণ সমাজ। সিলেটের দুর্গম পাহাড়ি পথ কিংবা নদী পার হয়ে ভারত থেকে সিলেটে ঢুকছে ইয়াবা। পরে মাদকের চালান হাতবদল হয়ে শহর ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত গ্রামগঞ্জে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক অভিযানে ইয়াবা ও কারবারি আটকের ঘটনা প্রত্যন্ত অঞ্চলে এর ভয়ংকর বিস্তারেরই স্পষ্ট আভাস দিচ্ছে।

বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজারের সীমান্তঘেঁষা এলাকাগুলোতে মাদক পাচারের পাশাপাশি গড়ে উঠেছে স্থানীয় বিক্রির শক্তিশালী নেটওয়ার্ক। গত চার মাসে সিলেট জেলা পুলিশের হাতে ইয়াবার অন্তত ৩০টি বড় চালান ধরা পড়েছে। স্থানীয়দের মতে, মাদক কারবারিদের হাত ধরেই প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে এই বিষ। অনেক আসক্ত তরুণ নিজের নেশার খরচ জোগাতে জড়িয়ে পড়ছে খুচরা কারবারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা ও কুশিয়ারা নদী পার হয়ে আসা বিশাল চালান ছোট অংশে ভাগ করে বিভিন্ন পথে পাঠানো হয়। নিরাপদ ভেবে কারবারিরা গ্রামীণ এলাকায় ইয়াবা মজুত করায় নতুন নতুন বাজার তৈরি হচ্ছে। সাম্প্রতিক অভিযানের তথ্যে দেখা যায়, বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নে একাধিক অভিযানে হাজার হাজার পিস ইয়াবাসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জকিগঞ্জেও একাধিক সফল অভিযান পরিচালনা করেছে পুলিশ। পুলিশের তথ্যমতে, পূর্ব সিলেটের কয়েকটি উপজেলার সংযোগস্থল হওয়ায় চারখাই এলাকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে কারবারিরা।

মাদকসহ আটক ব্যক্তিদের সামাজিক পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, এক শ্রেণির তরুণ প্রথমে ইয়াবায় আসক্ত হচ্ছে, পরে সেই নেশার ব্যয় বহন করতে ছোট পরিসরে কারবারে জড়িয়ে পড়ছে। কেউ কেউ বাহক হিসেবে কাজ করছে, আবার কেউ পরিচিতদের কাছে খুচরা বিক্রি করছে। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে একজন আসক্ত ব্যক্তির মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিস্তার ঘটার পাশাপাশি ইয়াবা সহজলভ্য ও সেবনকারীর সংখ্যা বাড়ছে। পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অভাবেই প্রত্যন্ত অঞ্চলে মাদক ছড়িয়ে পড়েছে। যুবসমাজকে বাঁচাতে অভিযানের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং পরিচালিত হচ্ছে। এ ছাড়া মাদকের অর্থ জোগানদাতাদের চিহ্নিত করে তাদের ওপর নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights