সিটি হাট যেন ময়লার ভাগাড়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উত্তরাঞ্চলের বৃহৎ পশুর হাটের নাম সিটি হাট। প্রায় দুই দশকের বেশি সময় চলা অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে জনবহুল ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংলগ্ন এই এলাকাটি বর্তমানে পরিবেশদূষণ এবং চরম জনদুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পচা বর্জ্যরে তীব্র দুর্গন্ধ আর স্বাস্থ্যঝুঁকি মাথায় নিয়ে প্রতিদিন হাজারো মানুষ এই হাটে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

রাজশাহী সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, নগরীর বিভিন্ন এলাকার প্রতিদিনের বর্জ্য ট্রাকে করে এনে ফেলা হয় সিটি হাটসংলগ্ন ১৬ একর আয়তনের বিশাল এই উন্মুক্ত স্থানে। প্রতিদিন গড়ে প্রায় ৩৫০ টন বর্জ্য এখানে জমা হয়। টানা ২৩ বছর একই স্থানে বর্জ্য ফেলার কারণে স্থানটি এখন বিশাল ময়লার পাহাড়ে রূপ নিয়েছে।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, পাঁচ দশক আগে যখন এই হাট প্রতিষ্ঠিত হয়েছিল, তখন এটি ছিল শহরের উপকণ্ঠে এবং প্রধান আবাসিক এলাকাগুলো থেকে বেশ দূরে। কিন্তু সময়ের পরিক্রমায় শহরের পরিধি বৃদ্ধি পাওয়ায় এবং নতুন নতুন বসতি গড়ে ওঠায় হাট ও আবাসিক এলাকার মধ্যকার ব্যবধান ঘুচে গেছে। ফলে গুরুত্বপূর্ণ বাইপাস সড়কসংলগ্ন এই ময়লার ভাগাড়টি এখন নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রার জন্য বড় এক সংকটে রূপ নিয়েছে। কলেজশিক্ষক আসাদুজ্জামান সোহেল বলেন, ‘ঘরের জানালা খুলে রাখা যায় না। দুর্গন্ধ এমনভাবে আসে, বাড়িতে অতিথি এলেও আমরা বিব্রত হই।’ সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন জানান, ২৩ বছর ধরে ওই এলাকায় শহরের যাবতীয় বর্জ্য ফেলার কারণে জায়গাটি ইতোমধ্যে ভরে গেছে। বর্জ্য ফেলার জন্য বিকল্প নতুন জায়গা খোঁজার পাশাপাশি এগুলো প্রক্রিয়াজাতকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জনস্বাস্থ্যবিদ ডা. অধ্যাপক চিন্ময় কান্তি বলেন, কেবল ভাগাড়টি অন্যত্র সরিয়ে নিলেই সমস্যার স্থায়ী সমাধান মিলবে না। এর জন্য প্রয়োজন নিয়মিত ও পরিচ্ছন্ন বর্জ্য সংগ্রহ, নিরাপদ পরিবহন, বর্জ্যরে ধরন অনুযায়ী সঠিক পৃথকীকরণ এবং পরিবেশসম্মত বৈজ্ঞানিক ব্যবস্থাপনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights