গাইবান্ধায় গাঁজাসহ আটক তিনজনকে জেল-জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব দণ্ড প্রদান করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এর আগে, এদিন সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল এলাকার আমজাদ হোসেন (৫৫), একাডেমি এলাকার সম্রাট মিয়া (৪০) ও সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকার সাজু মিয়া (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ গ্রাম গাঁজাসহ আটক আমজাদ হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড ও ১০ গ্রাম গাঁজাসহ আটক সম্রাট মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং ২০ গ্রাম গাঁজাসহ আটক সাজু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচারক রফিকুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights