গাইবান্ধায় রুমন হত্যায় জড়িতদের শাস্তি দাবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় শিক্ষার্থী ফাহমিদ রুমন হত্যায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ আয়োজন করা হয়।

নিহত রুমন সদর উপজেলার ৮ নম্বর বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের বাসিন্দা।

সমাবেশে বক্তব্য রাখেন নিহতের স্বজন, জেলার রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা। তারা বলেন, রুমন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গাইবান্ধাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বক্তারা আরও বলেন, আসামি গ্রেফতারে কোনো টালবাহানা সহ্য করা হবে না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে।

জানা গেছে, গত ৭ জুন জমিজমা-সংক্রান্ত বিরোধে হত্যার শিকার হন ফাহমিদ রুমন। এ সময় তার বড় ভাইকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় আকিব ও তার বাবা ছানা মিয়া জড়িত বলে অভিযোগ করেছেন স্বজনেরা। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights