গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন এনসিপির অর্ধশত নেতাকর্মী

অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসায় বেগম আয়েশা অডিটরিয়ামে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

যোগদান করা নেতাকর্মীদের মধ্যে এনসিপির গাজীপুর জেলার সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, শরিফুল ইসলাম, ওয়াসিম আকরাম, জাতীয় শ্রমিক শক্তির সংগঠক নাইম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, মুক্তা, হাবিবাসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের ৫৫ জন নেতাকর্মী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফেজ আবদুল আজিজ রয়েছেন।

ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল। তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে বিএনপিতে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ ও দেশের মানুষের ব্যাপক উন্নয়ন হবে। তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights