গাজীপুরে মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় একটি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকেই সড়ক অবরোধ থাকার কারণে শত শত কর্মজীবী মানুষ বিড়ম্বনায় পড়েন।

গাজীপুর শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের মালিকের বাড়ি এলাকায় একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে। শ্রমিকরা দীর্ঘদিন ধরেই তাদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা পক্ষ কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। পরে মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকে। এক পর্যায়ে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কারখানা শ্রমিক রফিকুল ইসলাম বলেন, গত দুই মাস ধরে বেতন দিয়ে দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত বেতন ভাতা পাইনি। যার কারণে বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights