গুলশান-বনানী-নিকেতনের বাসিন্দাদের নৌকায় চলাচলের আহ্বান ডিএনসিসি মেয়রের

অনলাইন ডেস্ক
গুলশান, বনানী ও নিকেতন সোসাইটির বাসিন্দাদের তাদের আশপাশের লেকগুলোয় নৌকায় করে চলাচলের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, আপনারা ইনোভেশনে আসুন। লেকের মধ্যে নিজেদের উদ্যোগে নৌকা নামান। তাপর সেই নৌকায় চলাচল করুন। মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকবে। আপনারা এক পা এগুবেন, আমি সিটি কর্পোরেশন থেকে দশ পা এগুবো।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত শহীদ ডা. ফজলে রাব্বি পার্কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির মেয়র বলেন, আমাদের সিটি কর্পোরেশনের অঙ্গীকার ছিল ২৪টি পার্ক আমরা উদ্বোধন করে দেব। সেই অঙ্গীকার অনুযায়ী শহীদ ডা. ফজলে রাব্বি পার্ক উদ্বোধনের মাধ্যমে সবগুলো পার্ক উদ্বোধন হয়ে গেল। কিন্তু এই পার্কগুলো আধুনিক ও সবুজায়ন করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ ছিল। ২৪টি পার্কের ক্ষেত্রে চব্বিশ ধরনের চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করেছি।

তিনি আরও বলেন, কয়দিন আগে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডিজিটাল কার পার্কিং করলাম। উত্তরা, বনানী, গুলশানসহ পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটির সব জায়গায় অন সাইট ডিজিটাল পার্কিং চালু হয়ে যাবে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে আমাদের। গুলশান-২ নম্বরে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোল করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, এই যে পার্কটি হলো এটার মধ্য দিয়ে জনগণের কাছে মেসেজ যায়। সেটি হলো কারা এই দেশের জন্য, মানুষের জন্য এবং নাগরিক সমাজের জন্য কাজ করতে চায় এবং করছে। কাজেই আগামী দিনে যারা ভোটার তাদের মেসেজ দিতে চাই, কারা এই কাজগুলো করছে। কারা আমাদের জীবনে উন্নয়ন অগ্রগতি ও স্বাচ্ছন্দ এনে দিচ্ছে।

ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর খায়রুল আলম। আরও উপস্থিত ছিলেন পার্কটির নকশাকারী দলের প্রধান বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক এম এম নাজমুল ইসলাম, ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আমেনা বেগম, নিকেতন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এম এ বাশার প্রমুখ।

পরে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শহীদ ডা. ফজলে রাব্বি পার্কের উদ্বোধন করেন। এরপর পার্কটি পরিদর্শন করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights