গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, যুবক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পল্লীতে এক কিশোরীর (১৩) গোসলের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অহিদ মোড়ল (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মান্দারতলা এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে সকালে পুলিশের কাছে সোপর্দ করে। শুক্রবার দুপুরে ভিডিও ধারণকারী অহিদ মোড়লকে পর্ণগ্রাফী আইনে মামলায় কারাগারে পাঠিয়েছে বাগেরহাট আদালতের বিচারক।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার মান্দারতলা এলাকার ওই কিশোরীর বাড়ির দরজার সামনে কে বা কারা ১৩ জানুয়ারি একটি প্যাকেট রেখে যায়। কিশোরীর বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে ভোর রাতে বাইরে বের হলে দরজার সামনে প্যাকেটটি দেখতে পান। প্যাকেটটি খুলে তিনি দেখেন একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড রয়েছে। তখন চিরকুটটি পড়ে দেখেন লেখা আছে, ‘মেমোরি কার্ডটি একজন মেয়েকে দেখাবেন। ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে মান্দার এলাকার যে কোনো স্থানে একটি সাদা ব্যাগ থাকবে। ব্যাগের ভেতর একটা চিঠি থাকবে। ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে।’
১৪ জানুয়ারি সকালে কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন, তার মেয়ের গোসলের ছবি ও ভিডিও আছে। তিনি স্থানীয়দের সাথে কথা বলে চিঠির কথামতো বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে ভরে ওই মান্দারতলা এলাকায় রেখে ফাঁদ পাতেন। এ সময় লোকজন আশেপাশে পাহারা দিতে থাকে। কিছু সময় পর এক যুবক ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে শুক্রবার অহিদ মোড়লসহ আরও দুজনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে থানায় পর্ণগ্রাফী আইনে একটি মামলা করেন।

ভিডিও ধারণকারী যুবক অহিদ মোড়লকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানান পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights