গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যেই বরিশালের গৌরনদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার সরিকল-বাটাজোর খালের পাশে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নিজ হাতে একটি নারিকেল, একটি নিমসহ কয়েকটি গাছের চারা রোপণ করেন।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। কখনও অতিবৃষ্টি, কখনও অনাবৃষ্টি, আবার আগের মতো শীতও পড়ে না। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, সন্তানের মতো যত্ন নিলে তবেই এর সুফল পাওয়া যাবে।
এদিকে, বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতারা, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে এটি ছিল তাঁর প্রথম বরিশাল সফর। পথে স্থানীয় প্রশাসন, বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান।
