গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক
একটা কথা আমরা সবাই শুনেছি, ‘গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক’। আজ এ কথাটা দিয়েই শুরু করতে চাই। কারণ এ কথাটা আমি নিজের চোখে সত্যি হতে দেখেছি। একটু পেছনে ফিরে যাই।
২ সেপ্টেম্বর, ২০২৬। আব্বা (বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান) আমাকে অফিসে ডেকে বললেন, ‘আজ থেকে স্পোর্টস সিটির দায়িত্ব তোমার।’ আমি পুরো জায়গাটা ঘুরে দেখলাম। ৩০০ বিঘার বেশি জমি! এত বড় জায়গা! কিন্তু মনে একটা প্রশ্ন ঘুরছিল। আব্বা তো আবাসন ব্যবসা করেন। এ স্পোর্টস সিটি থেকে তো আগামী ৫০০ বছরেও আমাদের কোনো লাভ হবে না।
সাহস করে আব্বাকে প্রশ্নটা করেই ফেললাম। আব্বা একটু হাসলেন। তারপর বললেন, ‘জানো, আমরা যখন ছোট ছিলাম, ঢাকায় অনেক খেলার মাঠ ছিল। বিকাল হলেই সবাই মিলে মাঠে দৌড়ে যেতাম। আর এখন? যেদিকে তাকাই শুধু ইটপাথরের ভবন আর ভবন। খেলার মাঠ দূরের কথা, দম ফেলার মতো জায়গাও যেন নেই।’
আব্বা আরও বললেন, ‘আমি চাই, আমাদের পরের প্রজন্ম আবার সেই দিনগুলো ফিরে পাক। ওদের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কাটুক খেলার মাঠে। সারা বাংলাদেশে তো আমি মাঠ বানাতে পারব না। কিন্তু অন্তত আমাদের বসুন্ধরার ভিতরে তো পারব। সেজন্যই এ স্পোর্টস সিটি।’
একই সঙ্গে তিনি বললেন, ‘আর তোমার লাভের প্রশ্ন? মানুষ তার ছোটবেলা কখনো ভোলে না। যে ছেলেমেয়েরা এখানে খেলবে, যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে একদিন বিশ্ববিখ্যাত হবে, তারা সারা জীবন তোমাকে মনে রাখবে। এটাই হবে তোমার ৫০০ বছরের লাভ।’
সেদিন বুঝলাম, দেশের প্রতি আব্বার ভালোবাসা কত গভীর। এ ভালোবাসাই আমাকে সব সময় অনুপ্রাণিত করে।
এবার মজার ঘটনাটা বলি। ঠিক ৩৬ দিন পর, ৮ অক্টোবর, ২০২৬। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন, আগামী দুই মাসের মধ্যে দেশে এক হাজার খেলার মাঠ তৈরি করতে হবে। ভাবুন একবার! এটা কোনো সাধারণ নির্দেশ নয়। তিনি সময় বেঁধে দিয়েছেন। এতেই বোঝা যায়, শিশু-কিশোরদের খেলাধুলাকে তিনি কতটা গুরুত্ব দেন। শুধু তা-ই নয়, গতকালই তিনি শিশু-কিশোরদের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবাই মিলে খেলাধুলা করছে কি না, সে-খোঁজ নিতেও বলেছেন।
সত্যি বলতে, আমি দুজন মহৎ ব্যক্তির একই ধরনের ভাবনায় এতটা মিল দেখে মুগ্ধ। একদিকে মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন, অন্যদিকে আমার আব্বা স্পোর্টস সিটির স্বপ্ন দেখেছেন। আমার কাছে এটাই ৫০০ বছরের লাভ। হয়তো বা এর চাইতেও বেশি কিছু। আমি মনেপ্রাণে চাই, আমাদের আগামী প্রজন্ম খেলার মাঠে বেড়ে উঠুক। ওরা আমাদের একটা সুন্দর আগামী উপহার দিক। এ মাঠ থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর দেশ গড়ার পরিকল্পনার সঙ্গে থাকতে পারাই আমার সবচেয়ে বড় লাভ।
