ঘণ্টার পর ঘণ্টা অচল মাইক্রোসফট, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
অনলাইন ডেস্ক
প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাটের কারণে বৃহস্পতিবার টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে মাইক্রোসফট ৩৬৫, আউটলুক, টিমস এবং কোম্পানির অন্যান্য অ্যাপ ব্যবহারে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার ব্যবহারকারী। এই বিভ্রাটের প্রভাব পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবাদাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবং অ্যানথ্রপিকের ব্যবহৃত কানেক্টরগুলোতেও।
বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টার (ইটি) দিকে আউটলুক সংক্রান্ত সমস্যার অভিযোগ সর্বোচ্চ ১ লাখ ৩৮ হাজার ৫৮টিতে পৌঁছায়, যা সন্ধ্যার দিকে কমে প্রায় ৩৪ হাজার ৪৯০টিতে নেমে আসে। ইস্টার্ন টাইম সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মাইক্রোসফট জানিয়েছে যে তারা ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পুনরায় চালু করার কাজ চালিয়ে যাচ্ছে এবং ব্যবহারকারীরা ধীরে ধীরে পুনরায় সংযুক্ত হওয়ার সাথে সাথে সীমিত পরিসরে পরিষেবা স্বাভাবিক হতে দেখা যাচ্ছে।
দিনের শুরুর দিকে প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে অতিরিক্ত ট্র্যাফিক বা ব্যবহারকারীর চাপ বৃদ্ধির কারণে নয় বরং বেশ কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় এই বাড়তি লোডের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেন, আমরা ব্যবহারকারীদের মাইক্রোসফট ৩৬৫ পরিষেবা, বিশেষ করে এক্সচেঞ্জ অনলাইন ব্যবহারে সমস্যার অভিযোগগুলোর বিষয়ে অবগত আছি এবং তা তদন্ত করছি।
ডাউনডিটেক্টরের হিসাব অনুযায়ী, সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের (ইটি) মধ্যে মাইক্রোসফট ৩৬৫-এর সমস্যার অভিযোগ কমে প্রায় ১৩ হাজার ব্যবহারকারীতে নেমে আসে এবং টিমস ব্যবহারে সমস্যার অভিযোগ পাওয়া যায় ৭৬৩টি। ওই সময় প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছিল, যেসব সার্ভার পুনরুদ্ধার করা হয়েছে সেগুলো এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। পাশাপাশি অবশিষ্ট ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো অনলাইনে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি যেখানে সম্ভব সেখানে বিকল্প পথে ট্র্যাফিক সরিয়ে নেওয়া হচ্ছে। এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, সক্ষমতা পুনরুদ্ধারের সাথে সাথে ব্যবহারকারীদের ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনগুলো পুনরায় সংযুক্ত হওয়ার মাধ্যমে পরিষেবায় ক্রমান্বয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে।
এই বিভ্রাটের সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমেও। ওপেনএআই জানিয়েছে, তারা মাইক্রোসফট কানেক্টর সংক্রান্ত একটি সমস্যা তদন্ত করছে, যার ফলে নতুন সংযোগ বিচ্ছিন্ন হতে পারে এবং টুলগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। অন্যদিকে অ্যানথ্রপিক জানিয়েছে, তারা একটি আপস্ট্রিম প্রোভাইডারের সমস্যা চিহ্নিত করেছে যা তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টরকে প্রভাবিত করছে।
বৈশ্বিক এই মাইক্রোসফট বিভ্রাটের কারণে সৃষ্ট ব্যবসায়িক অচলাবস্থার কথা উল্লেখ করে বৈদ্যুতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্কহর্স গ্রুপ তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের তারিখ পিছিয়ে দিয়েছে। ১২ নভেম্বর এই ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা ১৬ নভেম্বরে পুনর্নির্ধারণ করেছে।
সূত্র: রয়টার্স
