ঘরজামাই থাকতে না চাওয়ায় হাত-পা বেঁধে বিলে ফেললেন শ্বশুর!

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার ফুলশ্বর গ্রামে ঘরজামাই থাকতে না চাওয়ায় এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী হলেন সদর উপজেলার গোপালপুর গ্রামের আলতাফ মোল্যার ছেলে আকাশ মোল্যা (২৩)। ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় চার মাস আগে পার্শ্ববর্তী ফুলশ্বর গ্রামের লিকটন মোল্যার মেয়ে তাহমিনার সঙ্গে আকাশের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর তাকে নিজের বাড়িতে রেখে জমিজমার কাজসহ গৃহস্থালির সব কাজ করিয়ে আসছিলেন। পরে আকাশ বিষয়টি বুঝতে পেরে স্ত্রী তাহমিনাকে নিয়ে নিজের বাড়িতে ফেরার চেষ্টা করেন। কিন্তু শ্বশুরের বাধার মুখে ব্যর্থ হন।

একপর্যায়ে শনিবার আকাশ স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি আসতে চাইলে শ্বশুর বাড়ির লোকজনের বাধার মুখে পড়েন। তখন তারা আকাশকে আটকে হাত-পা বেঁধে বিলের মধ্য ফেলে নির্যাতন চালান।

একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে সেখানে ফেলে রেখে চলে যান তারা। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্বজনরা নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। আকাশের মা ময়না বেগম অভিযোগ করে সংবাদমাধ্যমকে বলেন, শনিবার রাত ৯টার দিকে ওই বিলে পড়ে থাকার একপর্যায়ে এক পথচারী গোঙানির শব্দ শুনে আমার ছেলেকে উদ্ধার করেন। ঘরজামাই থাকতে না চাওয়ায় আমার ছেলের হাত-পা বেঁধে বিলে ফেলে দিয়েছিল তার শ্বশুর। তবে এ বিষয়ে আকাশের শ্বশুর বাড়ির বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights