চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ, প্রতিবাদে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

রাবি প্রতিনিধি

চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

মঙ্গলবার রাতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় রাবি ছাত্রদলের নেতারা।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, এই জামায়াত-শিবির ইসলামের মোড়কে মিথ্যাচার আর গুপ্ত রাজনীতি করে। এই গুপ্তরা চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা করেছে। গণ-অভ্যুত্থানের পর জামায়াত শিবির ভূতের চরিত্রে আবির্ভূত হয়েছে।

তিনি বলেন, আমরা বলতে চাই সুষ্ঠুভাবে রাজনীতি করুন, অন্যথায় ১৭ বছর যেমন গুপ্ত ছিলেন তেমনই গুপ্ত রাজনীতিতে ফিরে যেতে বাধ্য করবে ছাত্রদল। আর কোনো ক্যাম্পাসে বাংলাদেশপন্থি কারো ওপর হামলা হলে শিবিরের বিষদাঁত ভেঙে পাকিস্তানে পাঠানো হবে। বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান এ নেতা।

বিক্ষোভ জামায়াত-শিবির রাজাকার, এ মুহূর্তে বাংলা ছাড়; জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও; গুপ্ত দলের রাজনীতি, এ ক্যাম্পাসে হবে না’ সহ নানা স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরের সঞ্চালনায় সিনিয়র সহসভাপতি সাকিলুর রহমান সাকিলসহ বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এরআগে, কলেজের ভবনের দেয়ালে একটি গ্রাফিতিতে গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights