চট্টগ্রামে পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে পালিয়ে যাওয়া আসামি সাইফুল ইসলাম সজীবকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে বাঁশখালীর বাহারছড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলাম সজীব লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বলিপাড়া গ্রামের নজির আহমদের ছেলে। এর আগে ৯ সেপ্টেম্বর সকালে তিনি থানা থেকে পালিয়ে যান। তার বিরুদ্ধে থানায় একাধিক চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকালে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন বাংলাবাজার এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে স্থানীয় জনতার হাতে তিনি আটক হন। পরে সজীবকে মারধর করে সকাল ৮টার দিকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়। থানায় আনার পর তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণের আশ্বাস দেয় পুলিশ। পরে সজীব থানার পিছন দিকের রাস্তা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় লোহাগাড়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম, উপ-পরিদর্শকসহ (এসআই) ৪ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, মঙ্গলবার রাতে বাঁশখালীর বাহারছড়া এলাকা থেকে আসামি সাইফুল ইসলাম সজীবকে গ্রেফতার করা হয়। তাকে লোহাগাড়া থানায় নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights