চট্টগ্রামে পানি নিস্কাশনে বাধা, ৭৫ স্পটের তালিকা ওয়াসাকে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে বৃষ্টির পানি নিস্কাশনে বাধা হিসেবে চিহ্নিত ৭৫টি স্পটের পাইপ লাইন সংস্কারের অনুরোধ করে চট্টগ্রাম ওয়াসাকে তালিকা দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার দুপুরে সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহর সঙ্গে ওয়াসা ভবনে সৌজন্য সাক্ষাৎ করে এ তালিকা হস্তান্তর করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের উদ্দেশে বলেন, সিডিএর প্রকৌশল টিম নগরীতে সামান্য বৃষ্টিতে পানি জমে যাওয়ার কারণ সরেজমিন অনুসন্ধান করতে গিয়ে বাধা হিসেবে বিভিন্ন খাল, নর্দমা ও নালার ৭৫টি স্পটে ওয়াসার পাইপ চিহ্নিত করেন। এসব পাইপের সাথে পলি বর্জ্য জমে বৃষ্টির পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি হয়ে পানি জমে যায়। অথচ এসময় সংলগ্ন খালে পানি থাকে না।

তিনি বলেন, বাধা হিসেবে চিহ্নিত পানি সরবরাহ পাইপগুলো বৃষ্টির পানি নিষ্কাশন উপযোগী করলে সামান্য বৃষ্টিতে আর পানি জমবে না। এতে নগরবাসীর দুর্ভোগ থেকে অনেকাংশে রক্ষা পাবে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ তালিকা গ্রহণ করে জরুরি ভিত্তিতে পাইপ লাইনগুলো সংস্কারের আশ্বাস দেন। তিনি বলেন, নগরবাসীর দুর্ভোগ লাঘবে সংস্থাগুলো পরস্পরের সাথে সমন্বয় করে একযোগে কাজ চালিয়ে যাবে।

এ সময় দুই সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights