চট্টগ্রামে সংঘর্ষ: জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার মামলায় জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহানের আদালত এই আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেফতার জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ১৫ জন আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরীক্ষার্থী হওয়ায় আদালত একজন আসামির রিমান্ড নামঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে মিছিল বের করে জামায়াত-শিবিরের নগর শাখা। নগরের চৌমুহনী মোড়ে মিছিল পৌঁছালে পুলিশ বাধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় জামায়াত শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী পুলিশের একটি গাড়ি সামনে পেয়ে হামলা চালায়।
গাড়ির ভেতরে ছিলেন পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুল চাকমা। তিনি গাড়ি থেকে বের হলে তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন কর্মীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights