চট্টগ্রাম ওয়াসার জায়গা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ওয়াসার পাম্প হাউজের বাউন্ডারি দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে জায়গা দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত ওয়াসার জায়গা দখলের চেষ্টা করে। এ সময় বিএনপি সমর্থিত হকার দলের সাইনবোর্ডও সেখানে লাগানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, দখলের সময় দুর্বৃত্তরা দারোয়ানকে হুমকি দিয়ে জানান, শুক্রবারের মধ্যে তারা জায়গাটি দখলে নেবেন। একই সঙ্গে বাউন্ডারি দেয়ালের একটি অংশ ভেঙে ফেলা হয়।

ওয়াসা সূত্র জানায়, হকার মার্কেটের পাশে ওয়াসার ৬ দশমিক ১ একর জমিতে দীর্ঘদিন ধরে একটি বড় রিজার্ভার থেকে আন্দরকিল্লা, লালদিঘি, এনায়েত বাজার, জেলা প্রশাসন, আদালত এলাকা, রেয়াজুদ্দিন বাজার, হকার মার্কেটসহ আশপাশের এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে একটি দুর্বৃত্ত দল বাউন্ডারি দেয়াল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে।

চট্টগ্রাম ওয়াসার ভূ-সম্পত্তি কর্মকর্তা বাবুল আলম বলেন, আমাদের দীর্ঘদিনের সম্পত্তি একদল দুর্বৃত্ত রাতের আধারে দখলের চেষ্টা করছে। বিষয়টি কোতোয়ালি থানাকে জানালে তারা পুলিশ পাঠায়। পরে দুর্বৃত্তরা সরে যায়।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, রাতের আঁধারে ওয়াসার নিজস্ব সম্পত্তিতে প্রবেশের চেষ্টা দুঃখজনক। বিষয়টি নিয়ে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হবে। এর আগে সেখানে কাউকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। তিনি আরও বলেন, ওই স্থানে এক হাজারের বেশি পানি ধারণক্ষমতার একটি রিজার্ভার রয়েছে এবং ভবিষ্যতে নতুন প্রকল্পের আওতায় সেখানে আরও একটি রিজার্ভার স্থাপনের পরিকল্পনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights