চাঁদপুরে জেলেদের চাল চুরি: ওসির কাছে প্রতিবেদন চাইলেন আদালত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল চুরি করে খোলাবাজারে বিক্রির ঘটনায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) গোলাম মোস্তফা শামীমের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তবে এ ঘটনায় থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে কি না এবং চুরি, ক্রয়-বিক্রয় ও পরিবহনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ২৯ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর স্থানীয় গণমাধ্যমে সরকারি চাল চুরি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদগুলো আদালতের দৃষ্টিগোচর হলে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় স্বপ্রণোদিত হয়ে একটি বিবিধ মামলা রুজু করেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সিএসডি গোডাউনের মতো সুরক্ষিত স্থান থেকে সরকারি চাল চুরির ঘটনায় শুধু একজন কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয়। এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights