চাঁদাবাজির টাকায় মালয়েশিয়ায় সেকেন্ড হোম

নিজস্ব প্রতিবেদক

চব্বিশের আগস্টে জেলখানা থেকে মুক্তির পরই হারিয়ে যাওয়া সাম্রাজ্য ফিরে পান আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ডন সুইডেন আসলাম। রাজধানীর ফার্মগেটের অন্তত পাঁচটি মার্কেট তিনি দখলে নেন। চাঁদাবাজির নেটওয়ার্ক গড়ে তোলেন ফার্মগেট, কারওয়ান বাজার থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত। বিভিন্ন ব্যবসায়ী ছিলেন তার চাঁদাবাজির মূল টার্গেট। মুক্তির পর গত দুই বছরে মজুত করেছেন অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র। আর এসব চাঁদাবাজি, দখলবাজির টাকায় তিনি সপরিবারে মালয়েশিয়ায় সেকেন্ড হোম করার পরিকল্পনায় ছিলেন। বিদেশ যাওয়ার পথেই গ্রেপ্তার হওয়ায় তার এই পরিকল্পনা আপাতত ভেস্তে যায়।

গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র এসব তথ্য দিয়ে বলেছেন, রাজধানীতে তার অন্তত ৫টি টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রের মজুতের খোঁজে মাঠে একাধিক টিম কাজ করছে। এ ছাড়া তার বিদেশে অর্থের নেটওয়ার্ক নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে।

রিমান্ডের প্রথম দিনেই গতকাল শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে একের পর এক বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদে সুইডেন আসলামের ছত্রছায়ায় সাবেক এমপি এবং জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ এক সহযোগীর নাম পাওয়া গেছে।

স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান মোসাব্বির ও শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যার নেপথ্য কারণ, কারওয়ান বাজারের চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে জমা পড়া শতাধিক অভিযোগ, কথিত টর্চার সেল, জমি দখল এবং বিদেশে অর্থ লেনদেনের নেটওয়ার্ক সম্পর্কেও জানতে চেয়েছেন তদন্তকারীরা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, রবিবার মধ্যরাতে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর তার কাছে পাওয়া তথ্যে সোমবার বিকালে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আজিজুল ছাড়াও মারুফ হোসেন মুকুলের সঙ্গেও আসলামের যোগাযোগ ছিল। আজিজুলের তথ্যেই সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে সহিংসতা, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ সহযোগী মুকুলের নামটি বেরিয়ে আসে। পরে পুলিশের অপরাধ তথ্য ভান্ডার যাচাই করে মুকুলের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, হামলা, চাঁদাবাজি ও নাশকতাসহ একাধিক মামলার তথ্য পাওয়া যায়।

ডিবি রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, সুইডেন আসলামকে নানা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন, যার বিস্তারিত পরে জানানো হবে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রিমান্ডের প্রথম দিনে মোসাব্বির হত্যায় আসলামের সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। কী কারণে মোসাব্বিরকে হত্যা করা হয়েছিল, কারা এর পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত এবং এর পেছনে ব্যবসায়িক বিরোধ কিংবা আধিপত্য বিস্তারের বিষয় ছিল কি না, জানতে চাওয়া হয় এসব। কারওয়ান বাজারে চাঁদাবাজি ও বাজারটির নিয়ন্ত্রণে তার প্রভাব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন করা হয়।

এদিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে জমা পড়া শতাধিক অভিযোগের মধ্যে চাঁদাবাজি, জমি দখল ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়েও আসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথিত টর্চার সেলগুলোর অবস্থান, কারা সেগুলো পরিচালনা করত, কাদের সেখানে নিয়ে নির্যাতন করা হতো এবং নির্যাতনের কারণ কী, এসব তথ্য জানতে চান তদন্তসংশ্লিষ্টরা।

জামিনে মুক্তির পর মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাতায়াতের কারণ, সেখানে কার সঙ্গে যোগাযোগ ছিল এবং তার কোনো সম্পদ বা ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন করা হয়। এ ছাড়া মোহাম্মদপুরের বসিলা ও পশ্চিম ধানমন্ডিতে জমি ও হাউজিং ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়, অভ্যন্তরীণ অর্থ লেনদেন এবং বিদেশে অর্থ পাঠানোর নেটওয়ার্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্র জানায়, এসব প্রশ্নের উত্তরও দিয়েছেন আসলাম। তবে জিজ্ঞাসাবাদে তিনি কী তথ্য দিয়েছেন, তার বিস্তারিত প্রকাশ করেননি তদন্তকারীরা।

গত ২৮ এপ্রিল রাতে নিউমার্কেট এলাকার শাহনেওয়াজ হলের কাছে গুলি করে হত্যা করা হয় টিটনকে। তার ভাইয়ের অভিযোগ, বসিলা গরুর হাটের ইজারা নিয়ে পিচ্চি হেলাল, কিলার বাদল, শাহজাহান ও ডগারি রনির সঙ্গে বিরোধ হয়েছিল টিটনের। বিরোধ মেটানোর বৈঠকে যাওয়ার কথা জানানোর পরদিন তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিউমার্কেট থানায় হত্যা মামলা হয়।

পুলিশের নথি অনুযায়ী, আসলামের বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে, এর মধ্যে নয়টি হত্যা মামলা। ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। মুক্তির পর কারওয়ান বাজার ও ফার্মগেটের ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিদের তার ইন্দিরা রোডের বাসায় যাতায়াত বেড়েছিল। গ্রিন রোডের ক্যাপিটাল বড়বাজারের সভাপতির দায়িত্বও নেন তিনি। জানা যায়, মুক্তির পর গত ৬ এপ্রিল থাইল্যান্ড হয়ে প্রথম মালয়েশিয়া যান আসলাম। পরে আরও তিনবার মালয়েশিয়া এবং সেখান থেকে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাতায়াত করেন। গত আগস্টে তেজগাঁয়ে ডিবির অভিযানের সময় আলী আকবর পরিচয় দিয়ে পালিয়ে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights