বালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশ
নিজস্ব প্রতিবেদক
বালিশ দিয়ে মাথা ঠেকিয়ে গুলি করা হতো, যাতে রক্তের ছিটা শরীরে না লাগে। হত্যার পর লাশের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে। আবার সুন্দরবন এলাকায় বনদস্যু দমনের অভিযানের আড়ালেও চালানো হয়েছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব রোমহর্ষক বর্ণনা তুলে ধরেছে প্রসিকিউশন। গতকাল বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও প্রসিকিউশনের ফেসবুক পেজে কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কেরানীগঞ্জ কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারপ্রক্রিয়ায় অংশ নেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ কার্যক্রম চলছে। রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম এবং গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আজ অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন।
যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের হাতে ১১৫ জনের বেশি মানুষ খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। সাক্ষীদের বর্ণনায় নির্বিচারে হত্যার শিকার মানুষের সংখ্যা ১৫০ থেকে ২০০। তাঁর ভাষায়, ‘আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলাসহ নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম মনস্টার কাউকে দেখিনি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে।’
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর মামলার সাক্ষীদের জবানবন্দি তুলে ধরে হত্যাকাণ্ডের বিভিন্ন পদ্ধতি ও গুমের ঘটনাগুলো ব্যাখ্যা করেন। তিনি জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস, মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী এবং মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির বিভিন্ন অংশ উপস্থাপন করেন।
প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, হত্যার সময় রক্তের ছিটা এড়াতে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করা হতো। এরপর লাশের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। সুন্দরবন ও বলেশ্বর নদসংলগ্ন এলাকায় বনদস্যু দমনের নামে চালানো অভিযানের আড়ালে হত্যাকাণ্ডের অভিযোগও তুলে ধরা হয়। এসব ঘটনার পেছনে জিয়াউল আহসানের নেতৃত্ব ও সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে সাক্ষীদের বক্তব্য আদালতে তুলে ধরে রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটর বলেন, গুমের ঘটনায় বাংলাদেশে এ প্রথম কোনো মামলার যুক্তিতর্ক উপস্থাপন হচ্ছে। একই ব্যক্তির বিরুদ্ধে এত বিপুলসংখ্যক হত্যাকাণ্ডের অভিযোগও নজিরবিহীন। মামলায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ কয়েকজন সামরিক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তাঁদের কেউ কেউ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পরে তাঁরা ঘটনার ভিতরের তথ্য প্রকাশ করেন। এ কারণে তাঁদের আসামি না করে সাক্ষী করা হয়েছে। আমিনুল ইসলামের ভাষ্য, যাঁরা এসব ঘটনা প্রত্যক্ষ করেছেন, তাঁদের কেউ কেউ অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আইন অনুযায়ী তাঁদের সাক্ষী করার সুযোগ রয়েছে। তাঁদের সাক্ষ্যের মাধ্যমে ঘটনার ভিতরের তথ্য সামনে এসেছে।
গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে এসব অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিন অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চলতি বছরের ১৪ জানুয়ারি তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া ছিলেন মামলার প্রথম সাক্ষী। পর্যায়ক্রমে রাষ্ট্রপক্ষে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। গত ১৯ নভেম্বর মামলার শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। পরে আসামিপক্ষে সাফাই সাক্ষী হিসেবে আইনজীবী তাসলিমা জাহান পপি সাক্ষ্য দেন।
দৃশ্যমান বিচারের প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের
মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে অংশ নিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। পরে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটি শুধু আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের বিষয় নয়, রাষ্ট্র ও দেশের মানুষের প্রতিও দায়িত্ব।
অ্যাটর্নি জেনারেল বলেন, অভিযুক্ত জিয়াউল আহসান সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে সাবেক সেনাপ্রধানসহ সেনাবাহিনীর অন্য কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন। কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে। তাঁর বক্তব্য, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে এ ধরনের অপরাধের বিচার এবং সেই বিচারের এমন দৃশ্যমান বিচার, যেন ভবিষ্যতে কেউ কোনো রকম তাঁর পদপদবি ব্যবহার করে এ ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত হতে না পারেন।’
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য থাকার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন পৃথকভাবে বিচার করছে। এ ছাড়া বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে মানবতাবিরোধী অপরাধের বিচারের নজির যুক্তিতর্কে তুলে ধরার কথা জানান তিনি। এজন্য মামলার সাক্ষ্য, পারিপার্শ্বিক পরিস্থিতি ও প্রসিকিউশনের উপস্থাপিত তথ্য-উপাত্ত সম্পর্কে বিস্তারিত ধারণা নিচ্ছেন বলেও জানান।
