চারতলা থেকে পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকার একটি আবাসিক ভবনের চার তলার বেলকনি থেকে নিচে পড়ে আবির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আবির রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মো. দেলোয়ার ও নিলা আক্তার দম্পতির একমাত্র সন্তান। দীর্ঘদিন ধরে তারা পশ্চিমচাল এলাকার গুলবাহার ভবনের ভাড়াটিয়া। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে আবির বেলকনিতে চলে যায়। রেলিংবিহীন বেলকনিতে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। বিকট শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ভবন থেকে পড়ে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
