ঝালকাঠিতে ব্যবসায়ী সুদেব হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার রামপুর এলাকায় গত ৬ জানুয়ারি সুদেব হালদার (২৬) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার দিনই ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা করেছেন নিহত যুবকের বাবা সুবোদ হালদার।

ঘটনার তৃতীয় দিনেও হত্যার সাথে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ জানিয়েছেন নিহতের পরিবারের সদস্য, স্বজন এবং এলকাবাসী। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ জানাতে দোকান বন্ধ রেখে রাস্তায় নামেন।

বৃহস্পতিবার সকালে ঝালকাঠির বাউকাঠি বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান এক ঘণ্টার জন্য বন্ধ করে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। এ সময় নিহত সুদেব হালদারের বাউকাঠি বাজারের মোবাইল ফোনের দোকানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সরদার শহিদুল্লাহ, বাউকাঠি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন ফকির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্যবসায়ী রাহুল, রফিকুল ইসলাম, আলতাফ হোসেন মোল্লা, আলী হায়দার রাড়ী, আবুবক্কর, সৈয়দ রুহুল আমিন, বেল্লাল খান, আনিস সিকদার এবং নিহতের সহোদর সাগর হালদার সুকেশসহ অনেকে।

বক্তারা বলেন, “দ্রুত সময়ের মধ্যে সুদেব হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় লাগাতার কর্মসূচি দেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি দিবাগত রাতে সুদেব হালদার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রওনা হলে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights