ঝিনাইদহে ৪ ইটভাটা বন্ধের নির্দেশ, আট লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ও মহারাজপুর ইউনিয়নে দুটি করে মোট চার ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় পাগলাকানাই ইউনিয়নে দুটি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা ও মহারাজপুর ইউনিয়নে দুটি ইটভাটাসহ উক্ত চারটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (১৭ মার্চ) সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ এই আদালত পরিচালনা করেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাসির রহমান।

অভিযানকালে ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ লঙ্ঘনের দায়ে পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামের মিজানুর রহমান মাসুমের মালিকানাধীন এমএমআর ব্রিকস ও ইউনূস আলীর মালিকানাধীন এসএসবি ব্রিকসকে ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া উভয় ইটভাটাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন আদালত। এদিকে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের একতা ব্রিকস ও ভাই ভাই ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাসির রহমান জানান, সোমবার দুটি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুটি ইটভাটাকে তাদের কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পর্যায়ক্রমে জেলার সকল অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights