টেকনাফে সবজি বিক্রেতাকে মারধরে মৃত্যুর অভিযোগ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় মোক্তার আহম্মদ (৫০) নামে এক সবজি বিক্রেতাকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে আহত মোক্তার আহম্মদকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম আজিজুর রহমান প্রকাশ বাদশাহ। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মৃত মৌলভী রশিদ আহম্মদের ছেলে।

রবিবার ভোররাতে আহত মোক্তার অচেতন হয়ে পড়লে তাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, টেকনাফ হোয়াইক্যং ইউপিস্থ ৩ নম্বর ওয়ার্ডের উনচিপ্রাং বাজারের জাহাঙ্গীরের দোকানের সামনে মোক্তার আহম্মদ সবজি বিক্রি করতে বসেন। ওই সময়ে আজিজুর রহমান প্রকাশ বাদশাহ সবজি কিনতে আসলে সবজি ক্রয়-বিক্রয় নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। ঝগড়ার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয় এবং আজিজুর রহমান বাদশা মোক্তার আহম্মদ একটি থাপ্পর দেন।

পরবর্তীতে মোক্তার আহম্মদ বাজারের দিলদারের দোকানে ইফতার করেন এবং বিভিন্নজনের কাছে বিচার দিয়ে বাজারেই অবস্থান করেন। একপর্যায়ে রাত অনুমানিক ৯টার দিকে তাকে বাজারের দোকানের সামনে শুয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। পরে তিনি অচেতন হয়ে পড়লে ভোররাতে তাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার বিষয়ে পুলিশ কাজ করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নিহত মোক্তার আহম্মদের পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত আজিজুর রহমান প্রকাশ বাদশাহ নিহত মোক্তারের কাছে বাকিতে সবজি নিতে চাইলে মোক্তার অনিহা প্রকাশ করায় তাদের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে বাদশাহ মোক্তারকে মারধর করে রাস্তায় ফেলে রাখে।

নিহত মোক্তারের ছেলে মুহাম্মদ মোস্তফা বলেন, আমার বাবাকে ব্যাপক মারধর করেছে। মারধরের কারণে রক্ত বমি করেছে। একপর্যায়ে মরে যাব মরে যাব বলে চিৎকার করে পানি চাইলেও আমার বাবাকে একটু পানি দেয়নি। আমি বাবা হত্যার বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights