ট্রাম্পকে হত্যার চেষ্টায় উত্তপ্ত যুক্তরাষ্ট্র: বাইডেন ও কমলার কড়া প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য হত্যাচেষ্টার ঘটনা নিয়ে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের গলফ মাঠের কাছে ঘটে যাওয়া এ ঘটনার পর বাইডেন বলেন, আমাদের দেশে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার স্থান নেই।

এক বিবৃতিতে তিনি ট্রাম্পের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করে বলেন, সাবেক প্রেসিডেন্ট অক্ষত আছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন। পাশাপাশি, সিক্রেট সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বাইডেন জানান, ট্রাম্পের সুরক্ষা নিশ্চিত করতে তিনি বিশেষ নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা এক বিবৃতিতে বলেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে আমি খুশি। তার মতে, আমেরিকার মাটিতে সহিংসতার কোনো স্থান নেই। এ ছাড়া কমলার নির্বাচনী সঙ্গী টিম ওয়ালজ এক্স পোস্টে লেখেন, যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই, ট্রাম্প নিরাপদ আছেন শুনে স্বস্তি পেয়েছি।
তদন্তে নামছে ফ্লোরিডা রাজ্য সরকার

ঘটনার পর ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস কঠোর বার্তা দিয়ে বলেন, তার অঙ্গরাজ্য আলাদাভাবে এ হত্যাচেষ্টার ঘটনা তদন্ত করবে। সন্দেহভাজন ব্যক্তি কীভাবে সাবেক প্রেসিডেন্টের এতটা কাছে পৌঁছাতে পারলেন, সে সম্পর্কে জনগণকে সত্যটা জানানো হবে।

গুলির শব্দ ও বন্দুকধারীর গ্রেফতার
স্থানীয় সময় রবিবার দুপুরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় ট্রাম্পের নিজস্ব গলফ মাঠের কাছে গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলে ছিলেন ট্রাম্প সে সময় গলফ খেলছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গলফ মাঠের ঝোপের মধ্যে থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে দেখতে পান সিক্রেট সার্ভিসের সদস্যরা। তারা বন্দুকের নল দেখতে পেয়ে অন্তত চারটি গুলি ছোড়েন। বন্দুকধারী পালিয়ে গেলেও একজন প্রত্যক্ষদর্শী তার গাড়ির ছবি তুলে রাখেন। সেই তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে ফ্লোরিডার মার্টিন এলাকা থেকে আটক করা হয়।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights