ট্রাম্প-মাস্কের সম্পর্ক জোড়া লাগতে পারে যেভাবে, জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলার কর্ণধার ইলন মাস্কের মধ্যে চলমান বাগযুদ্ধ এবার নতুন মোড় নিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মনে করেন, মাস্ক ট্রাম্পের সঙ্গে বিবাদ করে বড় ভুল করেছেন। তিনি এই সম্পর্ক মেরামতের সম্ভাবনা দেখছেন এবং কীভাবে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, সে বিষয়েও আলোকপাত করেছেন।

জেডি ভান্স একটি সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে মাস্কের বিবাদ প্রসঙ্গে বলেছেন, আমার মনে হয়, ইলন যদি একটু মাথা ঠান্ডা করেন, সব ঠিক হয়ে যাবে। কারণ এটা সকলের সঙ্গেই হয়ে থাকে। আমিও মেজাজ হারিয়ে ফেলি। ভান্স মাস্ককে আবেগপ্রবণ মানুষ হিসাবে ব্যাখ্যা করেছেন এবং তাঁর মতে, আবেগপ্রবণ হওয়ার কারণেই সামান্য বিষয়ে মাস্ক মাথা গরম করে ফেলেছেন।

ভান্স বলেন, আমার মনে হয় এভাবে প্রেসিডেন্টের বিরুদ্ধে গিয়ে মাস্ক বড় ভুল করলেন। এটা দেশের জন্য খারাপ। মাস্কের জন্যও খুব একটা ভালো ব্যাপার নয়। আশা করি, মাস্ক আবার মাঠে ফিরবেন। যদিও এখনই হয়তো সেটা সম্ভব হবে না।

তবে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব, ভান্স এ কথা মনে করলেও প্রেসিডেন্ট নিজে তা মনে করছেন না। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, মাস্কের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ। কথা বলে সমস্যা সমাধানের কোনো পরিকল্পনাও তাঁর নেই। মাস্কের সঙ্গে তিনি কথাই বলতে চান না।

যে বিল নিয়ে এত বিতর্ক, এখনও তা মার্কিন সেনেটে পাশ হয়নি। এই বিল আটকাতে মাস্ক যদি ডেমোক্র্যাটদের দিকে ঝোঁকেন, তাহলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এমনকি মাস্কের সংস্থার সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights